খামেনির শোক মিছিলে ট্রাম্পের প্রতিকৃতিতে পাথর নিক্ষেপ

ইরানের রাজধানী তেহরানে আয়োজিত শোক মিছিলে অংশ নেওয়া শোকাহত মানুষ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিকৃতিতে পাথর নিক্ষেপ করেছেন। আয়োজকদের ভাষ্য অনুযায়ী, এটি ‘শয়তানকে পাথর নিক্ষেপ’ বা ‘রামি আল-জামারাত’-এর প্রতীকী অনুকরণ, যার মাধ্যমে অশুভ শক্তির প্রতি প্রত্যাখ্যানের বার্তা দেওয়া হয়।

সোমবার (৬ জুলাই) তেহরানের আজাদি স্ট্রিটে এই প্রতীকী কর্মসূচি অনুষ্ঠিত হয়। শোক মিছিলে অংশ নেওয়া মানুষ ছোট ছোট পাথর ছুড়ে ট্রাম্পের প্রতিকৃতিতে আঘাত করেন।

প্রতিবেদনে বলা হয়েছে, একই দিনে লাখো মানুষ আয়াতুল্লাহ সাইয়েদ আলি খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে তেহরানের রাজপথে সমবেত হন। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় তিনি নিহত হয়েছেন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

সোমবার সকালে রাজধানী তেহরানে মূল শোক মিছিল শুরু হয়। ভোর থেকেই বিপুলসংখ্যক মানুষ এতে অংশ নিতে শহরের বিভিন্ন সড়কে জড়ো হন।

এর আগে শুক্রবার থেকে আনুষ্ঠানিক শোকানুষ্ঠান শুরু হয়। এতে বিভিন্ন দেশের প্রতিনিধি দল ও ঊর্ধ্বতন কর্মকর্তারা তেহরানে এসে শ্রদ্ধা জানান। সপ্তাহান্তে তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় লাখো মানুষ শেষ শ্রদ্ধা নিবেদন করেন। সেখানে পবিত্র কোরআন তেলাওয়াত ও শোকগাথা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

রোববার সকালে ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তাদের উপস্থিতিতে খামেনি এবং তার পরিবারের নিহত সদস্যদের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

কর্মসূচি অনুযায়ী, তেহরানের শোক মিছিল শেষে মঙ্গলবার মরদেহ কোম শহরে নেওয়া হবে। এরপর বুধবার ইরাকের নজফ ও কারবালায় শোকানুষ্ঠান অনুষ্ঠিত হবে। সবশেষে বৃহস্পতিবার মাশহাদে ইমাম রেজা (আ.)-এর পবিত্র মাজার প্রাঙ্গণে তাকে দাফনের কথা রয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, খামেনির হত্যাকাণ্ডের পর ইরান ও ‘অ্যাক্সিস অব রেজিস্ট্যান্স’-সংশ্লিষ্ট দেশ ও গোষ্ঠীগুলোর মধ্যে ব্যাপক শোক ও নিন্দার প্রতিক্রিয়া দেখা দিয়েছে। শোকানুষ্ঠানে অংশ নেওয়া অনেককে ন্যায়বিচার ও প্রতিশোধের দাবির প্রতীক হিসেবে লাল পতাকা বহন করতে দেখা গেছে।