জুনে মূল্যস্ফীতির হার কমল, কমেছে খাদ্য মূল্যস্ফীতিও: বিবিএস

গত জুন মাসে দেশে সার্বিক মূল্যস্ফীতি কমেছে। একই সঙ্গে কমেছে খাদ্য ও খাদ্যবহির্ভূত—উভয় খাতের মূল্যস্ফীতিও। সোমবার (৬ জুলাই) এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।

বিবিএসের সর্বশেষ তথ্যে দেখা গেছে, জুন মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি শূন্য দশমিক ২৬ শতাংশ পয়েন্ট কমে ৯ দশমিক ১৬ শতাংশে নেমে এসেছে। এর আগের মাস মে মাসে এ হার ছিল ৯ দশমিক ৪২ শতাংশ।

খাদ্য মূল্যস্ফীতিও কমেছে। জুন মাসে এটি শূন্য দশমিক ৪৬ শতাংশ পয়েন্ট কমে ৮ দশমিক ৬০ শতাংশে দাঁড়িয়েছে, যা মে মাসে ছিল ৯ দশমিক ০৬ শতাংশ। অন্যদিকে, খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতিও কমেছে। মে মাসে এ হার ছিল ৯ দশমিক ৭১ শতাংশ, যা জুন মাসে শূন্য দশমিক ১০ শতাংশ পয়েন্ট কমে ৯ দশমিক ৬১ শতাংশে নেমে এসেছে।

গ্রামাঞ্চলে জুন মাসে সার্বিক মূল্যস্ফীতি শূন্য দশমিক ২৫ শতাংশ পয়েন্ট কমে ৯ দশমিক ২৩ শতাংশে দাঁড়িয়েছে। এর মধ্যে খাদ্য মূল্যস্ফীতি ৮ দশমিক ৫২ শতাংশ এবং খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৮৯ শতাংশ। অন্যদিকে, শহরাঞ্চলে জুন মাসে সার্বিক মূল্যস্ফীতি শূন্য দশমিক ২৪ শতাংশ পয়েন্ট কমে ৯ দশমিক ০১ শতাংশ হয়েছে। এর মধ্যে খাদ্য মূল্যস্ফীতি ৮ দশমিক ৭৬ শতাংশ এবং খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ১৬ শতাংশ।