ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে কাভার্ড ভ্যানের চাপায় তানজিলা আক্তার নামে এক নারী নিহত হয়েছেন।
সোমবার (৬ জুলাই) সকাল প্রায় ১১টার দিকে আশুগঞ্জ গোলচত্বরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তানজিলা আক্তার আশুগঞ্জ পাওয়ার স্টেশনের ৪০০ মেগাওয়াট নর্থ ইউনিটের নির্বাহী প্রকৌশলী আমজাদ হোসেন ভূঁইয়ার স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তানজিলা আক্তার স্বামী আমজাদ হোসেন ভূঁইয়ার মোটরসাইকেলে করে ভৈরবের একটি আইটি প্রশিক্ষণ প্রতিষ্ঠানে গ্রাফিক্স ডিজাইন কোর্সের ক্লাস করতে যাচ্ছিলেন। পথে আশুগঞ্জ গোলচত্বর এলাকায় একটি কাভার্ড ভ্যান মোটরসাইকেলটিকে ওভারটেক করার সময় পেছন থেকে ধাক্কা দেয়। এতে তানজিলা আক্তার মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যান। এ সময় কাভার্ড ভ্যানের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার পর ঘাতক কাভার্ড ভ্যানটি আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।