প্রধানমন্ত্রীকে গ্লোবাল গেটওয়ে ফোরামে আমন্ত্রণ

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ‘গ্লোবাল গেটওয়ে ফোরাম’-এর তৃতীয় সংস্করণে অংশ নিতে এবং সেখানে মূল প্রবন্ধ (কি-নোট স্পিচ) উপস্থাপনের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন।

সোমবার (৬ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এসময় আমন্ত্রণপত্র হস্তান্তর করেন মাইকেল মিলার।

এ সফরের মাধ্যমে প্রধানমন্ত্রী ও ইউরোপীয় কমিশনের সভাপতির মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকেরও সুযোগ সৃষ্টি হবে বলে জানানো হয়।

গ্লোবাল গেটওয়ে ফোরামে প্রধানমন্ত্রীর অংশগ্রহণের ফলে ইউরোপীয় ইউনিয়নের গ্লোবাল গেটওয়ে উদ্যোগের আওতায় টেকসই অবকাঠামো, ডিজিটালাইজেশন, জ্বালানি, পরিবহন, স্বাস্থ্য ও শিক্ষা খাতে নতুন বিনিয়োগের সুযোগ তৈরি হবে বলে আশা প্রকাশ করা হয়।

এ সময় রাষ্ট্রদূত ইইউর ভাইস প্রেসিডেন্ট কাজা কালাসের একটি অভিনন্দনপত্রও পররাষ্ট্রমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।

চিঠিতে তাকে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানানো হয়।

বৈঠকে বাংলাদেশ-ইইউ সম্পর্কের সার্বিক অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, আঞ্চলিক ও বহুপাক্ষিক সহযোগিতা আরও জোরদারের উপায় নিয়ে আলোচনা হয়।

এছাড়া প্রস্তাবিত বাংলাদেশ-ইইউ বিজনেস ফোরাম ২০২৭, আসন্ন উচ্চপর্যায়ের সফর ও বৈঠক, বাংলাদেশ-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ)-এর সম্ভাবনা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য বিষয় নিয়েও মতবিনিময় করেন দুই পক্ষ।

বৈঠকে আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতি, জাতিসংঘ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়।

শেষে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের দীর্ঘদিনের অংশীদারিত্ব আরও শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।