খুলনা

শিক্ষার্থীর পায়ে শিকল বেঁধে নির্যাতনের অভিযোগ, শিক্ষক গ্রেপ্তার

খুলনা মহানগরীতে ১০ বছর বয়সী এক মাদরাসা শিক্ষার্থীর পায়ে শিকল বেঁধে নির্যাতনের অভিযোগে একটি মাদরাসা মুহতামিম (প্রধান শিক্ষক) মাওলানা মো. আসলাম উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (৫ জুলাই) রাতে নগরীর আড়ংঘাটা থানার শলুয়া এলাকার হামিউস সুন্নাহ দারুল উলুম মাদরাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শিশুটির পারিবারিক সূত্র জানায়, দিনমজুর বাবা ছেলে মো. মিরাজুল ইসলামকে হাফেজ বানানোর উদ্দেশ্যে স্থানীয় হামিউস সুন্নাহ দারুল উলুম মাদ্রাসায় ভর্তি করেন। অভিযোগ রয়েছে, মাদ্রাসার মুহতামিম মাওলানা মো. আসলাম উদ্দিন শিশুটিকে দিয়ে ব্যক্তিগত কাজ করানো, গরু-ছাগল চরানোসহ বিভিন্ন কাজে বাধ্য করতেন। এসব কাজে আপত্তি জানালে তাকে মারধর করা হতো। এছাড়া বিভিন্ন অজুহাতে তাকে শাস্তিও দেওয়া হতো।

পরিবারের দাবি, সর্বশেষ শনিবার (৪ জুলাই) শিক্ষার্থীটির ওপর ক্ষিপ্ত হয়ে তার পায়ে শিকল বেঁধে নির্মম নির্যাতন করা হয়। পরে বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে।

এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।