পেকুয়ায় ভারী বর্ষণে পাহাড়ধস, নিহত এক শিশু

কক্সবাজারের পেকুয়ার টইটং এ ভারী বর্ষণে পাহাড়ধসে এক শিশু নিহত হয়েছে। ও বৃদ্ধা আহত হয়েছে।

নিহত ৭ বছরের শিশু মিনহাজ উদ্দিন পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আলমের ঝিরি এলাকার খলিফা মুড়ার কলিম উল্লাহ ও রুবি আক্তারের ছেলে। আহত বৃদ্ধা জান্নাতুল ফেরদৌস নিহত মিনহাজের নানী। তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

সোমবার (৬ জুন) বিকাল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

টইটং ইউনিয়নের আবদুল মাবুদ জানান, পাহাড়ের ওপর থাকা বসতঘরটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড়ধসে পড়ে মাটি চাপা পড়ে এ দুর্ঘটনা ঘটে। দুর্গম পাহাড়ি এলাকায় নেটওয়ার্ক না থাকায় ঘটনাটির খবর বিকাল ৫টার পর জানাজানি হয়। পরে স্থানীয়রা বিকাল সাড়ে ৫টার দিকে মরদেহ উদ্ধার করেন।

পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, উপজেলা প্রকল্প কর্মকর্তা কাউসার আহমেদকে পুলিশসহ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।