মুন্সীগঞ্জের গজারিয়ার পাশ্ববর্তী চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার বেলতলী এলাকায় র্যাব-১১ এর অভিযানে দুটি দেশীয় তৈরি শর্টগান ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
র্যাব-১১ সূত্রে জানা যায়, সোমবার (৬ জুন) রাত ১টা ৪৫ মিনিটে র্যাব-১১, সিপিএসসি-এর আভিযানিক দল টহলরত অবস্থায় সংবাদ পায় যে, চাঁদপুর জেলার মতলব উত্তর থানাধীন বেলতলী নয়াকান্দি এলাকার ঝোপের মধ্যে সন্দেহজনক একটি প্লাস্টিকের বাজারের ব্যাগ পড়ে আছে।
পরে টহল দল বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ব্যাগটি উদ্ধার করে। পরবর্তীতে ব্যাগের মুখ খুলে দুটি দেশীয় তৈরি শর্টগান ও ১২ রাউন্ড গুলি জব্দ করা হয়।
র্যাব-১১ আরও জানায়, অস্ত্র ও মাদকবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে আইনগত পদক্ষেপ গ্রহণে র্যাব-১১-এর অভিযান অব্যাহত থাকবে।
উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপুর জেলার মতলব উত্তর থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল হাসান বলেন, র্যাবের উদ্ধার করা অস্ত্র থানায় হস্তান্তর করা হয়েছে। বেলতলীর নয়াকান্দী এলাকায় ঝোপঝাড় থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
উল্লেখ্য, বেলতলী বাজার এলাকা গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের প্রত্যন্ত শিমুলিয়া, বালুয়াকান্দী ও জামালপুর গ্রামের মানুষের যাতায়াতের প্রধান পথ। এ পথ দিয়ে স্থানীয়রা দৈনন্দিন কাজের জন্য নিয়মিত চলাচল করে থাকেন।