উত্তরাঞ্চলের কৃষি অর্থনীতি জোরদার করতে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম চালু করেছে বাংলাদেশ ব্যাংক। এ তহবিল থেকে রাজশাহী ও রংপুর বিভাগের জেলাগুলোতে কৃষি উৎপাদন, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, বাজারজাতকরণ, অবকাঠামো উন্নয়ন ও রপ্তানি খাতে ঋণ দেওয়া হবে।
সোমবার জারি করা সার্কুলারে বলা হয়েছে, তফসিলি ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক থেকে ৪ শতাংশ সুদে পুনঃঅর্থায়ন পাবে। তবে গ্রাহকের কাছ থেকে সর্বোচ্চ ৯ শতাংশ সুদ নেওয়া যাবে। তহবিলের অর্থের ১৫ শতাংশ কৃষি উৎপাদন, ৩৫ শতাংশ সংরক্ষণ, পরিবহন, বাজারজাতকরণ ও অবকাঠামো, ৩৫ শতাংশ কৃষিজাত ও কৃষিভিত্তিক পণ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ এবং ১৫ শতাংশ রপ্তানি খাতে ব্যয় হবে। খাতভেদে সর্বোচ্চ ৩০ লাখ টাকা থেকে ৪০ কোটি টাকা পর্যন্ত ঋণ দেওয়া যাবে।
সার্কুলারে স্পষ্টভাবে বলা হয়েছে, এ অর্থ নতুন ঋণ হিসেবে বিতরণ করতে হবে। পুরোনো ঋণ সমন্বয়, পুনঃতফসিল বা চলমান ঋণের দায় পরিশোধে এ তহবিলের অর্থ ব্যবহার করা যাবে না। নিয়ম লঙ্ঘন করলে অপব্যবহৃত অর্থের ওপর অতিরিক্ত ২ শতাংশ দণ্ডসুদ আরোপ করা হবে।
এ ছাড়া নারী উদ্যোক্তা ও প্রান্তিক কৃষকদের জন্য বিকল্প জামানতের সুযোগ রাখা হয়েছে। তবে ঋণখেলাপিরা এ তহবিলের আওতায় ঋণ পাবেন না। আগ্রহী ব্যাংকগুলোকে আগামী ৪৫ কর্মদিবসের মধ্যে বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ-২-এর সঙ্গে অংশগ্রহণ চুক্তি করতে বলা হয়েছে।