টানা ছয় দিন বিরতি শেষে আজ মঙ্গলবার (৭ জুলাই) আবারও বসছে চলতি সংসদের মুলতবি অধিবেশন। বিকল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশন শুরু হবে। এর আগে গত ৩০ জুন নতুন অর্থবছরের বাজেট পাসের পর অধিবেশন মুলতবি করা হয়।
সংশ্লিষ্ট সূত্র মতে, চলতি অধিবেশনে এরই মধ্যে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট পাস হয়েছে। বাজেট পাসের পাশাপাশি অর্থ বিল ও সংশ্লিষ্ট কয়েকটি গুরুত্বপূর্ণ বিলও সংসদের অনুমোদন পেয়েছে। গত ১১ জুন সংসদে বাজেট উত্থাপনের পর সরকার ও বিরোধী দলের সদস্যরা দীর্ঘ সময় ধরে বাজেটের ওপর আলোচনা করেন এবং বিভিন্ন জাতীয় ইস্যুতেও বক্তব্য দেন।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবারের বৈঠকের কার্যসূচিতে পাঁচটি মন্ত্রণালয়ের প্রশ্নোত্তর পর্ব রয়েছে। এগুলো হলো— পানি সম্পদ মন্ত্রণালয়, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়। অধিবেশনে কার্যপ্রণালী বিধির ৭১ বিধিতে জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে আনা দুটি নোটিশের ওপর আলোচনা হবে।