রাজধানীর বঙ্গবাজার মার্কেটে অগ্নিসংযোগ ও ভাঙচুরের অভিযোগে করা মামলায় কিশোরগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য মো. আফজাল হোসেনকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেন। বহুল আলোচিত ওই অগ্নিকাণ্ডে রাজধানীর শাহবাগ থানায় মামলাটি করা হয়। মামলাটির তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক মো. মাইনুল ইসলাম খান পুলক আসামিকে আদালতে হাজির করে এই আবেদন করেন।
২০২৩ সালের ৪ এপ্রিল বঙ্গবাজার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, যেখানে প্রায় ৫০০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়। অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যবসায়ী মো. কামাল হোসেন রিপন বাদী হয়ে শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন। এই মামলায় আফজাল হোসেনসহ ১৭ জনের নাম উল্লেখ করা হয়। প্রাথমিক তদন্তে সাবেক এমপি আফজাল হোসেনের সম্পৃক্ততা পাওয়ার পর তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তিনি ইতোমধ্যে অন্য একটি মামলায় কারাগারে বন্দি আছেন।