ট্রাম্পের মিমকয়েনে ধস, লোকসানে প্রায় ১০ লাখ বিনিয়োগকারী

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 'ট্রাম্প মিমকয়েন' এ বিনিয়োগ করে প্রায় ১০ লাখ মানুষ সম্মিলিতভাবে ৩ দশমিক ৮ বিলিয়ন ডলার লোকসান করেছেন। এমন তথ্য প্রকাশ করেছে ক্রিপ্টোকারেন্সি বিশ্লেষণ প্রতিষ্ঠান ন্যানসেন।

মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ব্লকচেইনে প্রকাশ্যে থাকা লেনদেনের তথ্য বিশ্লেষণ করে ন্যানসেন দেখেছে, জুন মাসের শেষ পর্যন্ত ৯ লাখ ৮৮ হাজার ৯০৫টি অ্যাকাউন্ট এই মিমকয়েনে বিনিয়োগ করে ক্ষতির মুখে পড়েছে। অর্থাৎ, ট্রাম্প মিমকয়েনের প্রায় প্রতি তিনজন ক্রেতার মধ্যে দুজনই লোকসান করেছেন।

রবিবার ট্রাম্প মিমকয়েনের দাম ছিল ১ দশমিক ৬৯ ডলার, যা এর সর্বোচ্চ ৭৫ দশমিক ৩৫ ডলার মূল্যের তুলনায় প্রায় ৯৮ শতাংশ কম।

২০২৫ সালে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার তিন দিন আগে ট্রাম্প এই মিমকয়েনের ঘোষণা দেন। এর আগে তিনি তার ছেলেদের সঙ্গে মিলে ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়াল নামে একটি ক্রিপ্টো স্টার্টআপ প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠানটির ডব্লিউএলএফআই টোকেনের মূল্যও পরে উল্লেখযোগ্যভাবে কমে যায়।

সম্প্রতি প্রকাশিত এক আর্থিক বিবরণীতে ট্রাম্প জানান, ট্রাম্প মিমকয়েন থেকে তিনি ৬৩ কোটি ৬০ লাখ ডলার আয় করেছেন। গত বছর ক্রিপ্টো খাত থেকে তার মোট ১৪০ কোটি ডলার আয়ের প্রায় অর্ধেকই এসেছে এই মিমকয়েন থেকে।

এদিকে যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) জানিয়েছে, তারা মিমকয়েনকে সিকিউরিটিজ হিসেবে নিয়ন্ত্রণ করবে না। পাশাপাশি কয়েকটি ক্রিপ্টো প্রতিষ্ঠানের বিরুদ্ধে চলমান মামলাও প্রত্যাহার করা হয়েছে।

এ বিষয়ে হোয়াইট হাউসের এক মুখপাত্র দ্য নিউইয়র্ক টাইমসকে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প গর্বের সঙ্গে যুক্তরাষ্ট্রকে বিশ্বের ক্রিপ্টো রাজধানীতে পরিণত করেছেন।