ইরান ইস্যুতে নতুন শঙ্কা, তেলের দামে ফের ঊর্ধ্বগতি

আন্তর্জাতিক বাজারে আজ মঙ্গলবার (৭ জুলাই) অপরিশোধিত তেলের দাম কিছুটা বেড়েছে। তবে মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক উত্তেজনা কমে আসায় এবং তেল সরবরাহ বৃদ্ধি ও ভবিষ্যৎ চাহিদার দিকে ব্যবসায়ীদের নজর থাকায় এই দাম বাড়ার গতি ছিল বেশ ধীর।

গ্রিনিচ মান সময় (জিএমটি) রাত ১২টা ৪৬ মিনিটের হিসাব অনুযায়ী, আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ২৮ সেন্ট বা ০.৩৯ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৭২.২৯ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ২৯ সেন্ট বা ০.২৬ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি দাঁড়িয়েছে ৬৮.৮৪ ডলারে। এর আগে গতকাল সোমবার তেলের দাম কমে ইরান যুদ্ধ শুরুর আগের পর্যায়ে নেমে এসেছিল।

কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, তেল সরবরাহ স্বাভাবিক করার পদক্ষেপগুলো আপাত ঝুঁকিজনিত বাড়তি দামের চাপ কিছুটা কমিয়েছে। তবে মার্কিন-ইরান সম্পর্কের ওঠানামার কারণে বর্তমান যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে বাজার এখনো পুরোপুরি নিশ্চিত হতে পারছে না।

এদিকে সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র হয় ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাবে, অন্যথায় ‌‘কাজ শেষ করে ছাড়বে’। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন সম্পন্ন হওয়ার পর তেহরান যখন অবাধ্যতা দেখাচ্ছে, ঠিক তখনই ট্রাম্পের কাছ থেকে সামরিক অভিযানের এই নতুন হুমকি এলো।

এমন পরিস্থিতিতে বিনিয়োগকারীরা হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহন এবং পারস্য উপসাগরীয় অঞ্চলের তেল রপ্তানি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।

সূত্র: আল-জাজিরা