বৈরী আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, গ্যাসের চাপ কমার আশঙ্কা

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মহেশখালীতে অবস্থিত ভাসমান এলএনজি টার্মিনালে নির্ধারিত এলএনজি কার্গোর ডেলিভারি কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। এর ফলে টার্মিনাল থেকে রিগ্যাসিফায়েড এলএনজি (আরএলএনজি) সরবরাহ দৈনিক প্রায় ৩০০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) কমে গেছে।

এ অবস্থায় পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত দেশের সব শ্রেণির গ্রাহক পর্যায়ে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলে জানিয়েছে পেট্রোবাংলা।

সোমবার (৬ জুলাই) এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, বৈরী আবহাওয়ার কারণে এলএনজি কার্গো খালাসে বিলম্ব হওয়ায় সরবরাহে এই ঘাটতি সৃষ্টি হয়েছে। ফলে আবাসিক, শিল্প, বাণিজ্যিক ও বিদ্যুৎ খাতসহ বিভিন্ন গ্রাহক পর্যায়ে গ্যাসের চাপ কম থাকতে পারে।

সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে পেট্রোবাংলা।

পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, দেশে দৈনিক গ্যাস সরবরাহের পরিমাণ গড়ে ২ হাজার ৭০০ মিলিয়ন ঘনফুট। এর মধ্যে প্রায় ১ হাজার মিলিয়ন ঘনফুট সরবরাহ করা হয় এলএনজি থেকে। তবে সাম্প্রতিক সময়ে এলএনজি সরবরাহ কমে ৭০০ মিলিয়ন ঘনফুটে দাঁড়িয়েছে, যা দেশের সামগ্রিক গ্যাস সরবরাহ ব্যবস্থায় চাপ তৈরি করেছে।