বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন বেশ কয়েকদিন ধরেই খবরের শিরোনামে। আর নানা রকম খবরের মাঝেই জীবনের কঠিন সত্য সামনে আনলেন অভিনেত্রী। মা হওয়ার ইচ্ছে বা মাতৃত্বের পরিকল্পনাকে ভবিষ্যতের জন্য সুরক্ষিত রাখতে ডিম্বাণু সংরক্ষণ (এগ ফ্রিজিং) করেছেন তিনি।
নিজের জীবনের এত বড় সিদ্ধান্তের কথা প্রথমবার প্রকাশ্যে আনলেন ‘মিমি’ খ্যাত এই তারকা। কৃতি জানান, জাতীয় পুরস্কারজয়ী ছবি ‘মিমি’র প্রস্তুতি নেওয়ার সময়েই এই প্রক্রিয়াটি সেরে ফেলেছিলেন তিনি। ছবির চরিত্রের খাতিরে সেই সময় তাকে ওজন বাড়াতে হয়েছিল, আর ঠিক সেই সুযোগটিকেই কাজে লাগান অভিনেত্রী। কারণ, ডিম্বাণু সংরক্ষণের প্রক্রিয়াকালীন শারীরিক পরিবর্তন ও ওজন বৃদ্ধির বিষয়টি তখন তাঁর পক্ষে সামলানো সহজ ছিল।
‘হিউম্যানস অফ বম্বে’র পডকাস্টে কৃতি জানান, এক পরিচিতের পরামর্শে অনেকদিন ধরেই বিষয়টি তার মাথায় ঘুরছিল। কৃতি বলেন, ‘আমি এই প্রথমবার কথাটা জনসমক্ষে বলছি। হ্যাঁ, আমি আমার ডিম্বাণু সংরক্ষণ করেছি। খুব বুদ্ধি খাটিয়ে কাজটা আমি তখন করেছিলাম, যখন মিমি ছবির জন্য আমাকে ওজন বাড়াতে হচ্ছিল। এই চিকিৎসার কারণে শরীর কিছুটা ফুলে যায়। যেহেতু আমি এমনিতেও ওজন বাড়াচ্ছিলাম, তাই ভেবেছিলাম এটাই উপযুক্ত সময়। একজন আমাকে বলেছিলেন—যদি সামর্থ্য থাকে, তবে নিজের জন্য এর চেয়ে ভালো উপহার আর কিছু হতে পারে না। কথাটা আমার মনে গেঁথে গিয়েছিল।’
সিনেমার পাশাপাশি কৃতি ইদানীং খবরের শিরোনামে রয়েছেন ব্রিটেনের ব্যবসায়ী কবীর বাহিয়ার সঙ্গে তার চর্চিত সম্পর্কের কারণে। ২০২৪ সালে কৃতির জন্মদিন উদযাপনে গ্রিসে দুজনকে একসঙ্গে ছুটি কাটাতে দেখার পর থেকেই এই প্রেমের গুঞ্জনের সূত্রপাত। তারপর থেকে বিভিন্ন ছুটি কাটানোর মুহূর্ত, পারিবারিক অনুষ্ঠান, এমনকি চলতি বছরের শুরুতে কৃতির বোন নুপূর শ্যাননের বিয়ের আসরেও কবীরের উপস্থিতি নজর কেড়েছে সবার।