লিবিয়ার ডিটেনশন সেন্টার থেকে ফিরলেন ১৭৪ বাংলাদেশী

লিবিয়ার থেকে ১৭৪ জন অনিয়মিত বাংলাদেশী প্রবাসীকে ফিরিয়ে আনা হয়েছে। তারা বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টার ও ত্রিপোলির তাজুরা ডিটেনশন সেন্টারে বন্দি ছিলেন। 

আজ মঙ্গলবার (৭ জুলাই) ভোর সোয়া ৫টায় বুরাক এয়ারের ফ্লাইট যোগে তারা দেশে ফেরেন।

এ বাংলাদেশীদের ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়কে সাহায্য করেছে লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা।

এক সংবাদ বিজ্ঞপ্তি অনুসারে, প্রত্যাবাসিত বাংলাদেশীদের বেশির ভাগই সমুদ্র পথে অবৈধভাবে ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে লিবিয়ায় অনুপ্রবেশ করেন। তাদের প্ররোচনায় ও সহযোগিতায় ছিল মানবপাচারকারী গোষ্ঠী। এ বাংলাদেশীদের অনেকে লিবিয়াতে বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা প্রত্যাবাসিত বাংলাদেশী নাগরিকদের বিমানবন্দরে অভ্যর্থনা জানান। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার পক্ষ থেকে তাদের পথখরচা, কিছু খাদ্য সামগ্রী, প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনে অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়।