টেকনাফে দেশীয় আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও গান পাউডার উদ্ধার

কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও গান পাউডার উদ্ধার করা করেছে। 

মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালিয়া পাড়া এলাকায় ৭ জুলাই মঙ্গলবার সকাল ৭টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় একটি সন্দেহজনক বসত বাড়িতে তল্লাশি চালিয়ে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৩ রাউন্ড তাজা গোলা, ৩৭ রাউন্ড এমটি কার্টিজ (ফাঁকা কার্তুজ) ও ২৫ গ্রাম গান পাউডার উদ্ধার করা হয়। 

এ সময় সন্ত্রাসীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধারকৃত আলামতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।