দেশের জনপ্রিয় ব্যান্ডদল ওয়ারফেজ তাদের গৌরবময় ৪২ বছরের সংগীতযাত্রায় যুক্ত করতে যাচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক। প্রকাশ পেয়েছে ব্যান্ডটির বহুল প্রতীক্ষিত নতুন স্টুডিও ট্র্যাক 'গিরগিটি'। শামস মনসুর গনি এবং কে এম ইমরানুল হক রিতুলের লেখা গানটি একই সঙ্গে আপস্টুডিও প্রোডাকশন হাউজের একটি আসন্ন চলচ্চিত্রের অংশ হিসেবেও অন্তর্ভুক্ত। গানটির সুর করেছেন শামস মনসুর গনি এবং সংগীতায়োজন ও পরিবেশনায় রয়েছে ওয়ারফেজ। অডিও-ভিডিও ট্র্যাকটি সোমবার (০৬ জুলাই) লয় রেকর্ডসের ইউটিউব চ্যানেলে আনুষ্ঠানিকভাবে প্রকাশ হয়েছে ।
চলচ্চিত্র ও ডকুমেন্টারি প্রজেক্টের জন্য পরিচিত আপস্টুডিও প্রোডাকশন হাউজ নতুন সিনেমাটি প্রযোজনা করছেন হামিদুল হাসান নবীন এবং পরিচালনা করছেন সৌরভ কুন্ডু। আপস্টুডিও প্রোডাকশন হাউজ এই গানটির ভিজ্যুয়াল ও অর্র্যাঞ্জমেন্ট করেছে। এই গানটি কেন্দ্র করে লয় রেকর্ডস গত সোমবার রাজধানীয়ে আয়োজন করেছে একটি বিশেষ অনুষ্ঠানের।
'গিরগিটি' ওয়ারফেজের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ এটি ২০১২ সালের পর ব্যান্ডটির প্রথম স্টুডিও অ্যালবাম-এর প্রথম ট্র্যাক। গিরগিটি এমন এক ঐতিহাসিক সময়ে প্রকাশ পেয়েছে, যখন ২০২৬ সাল ইতিমধ্যেই ওয়ারফেজের জন্য একটি স্মরণীয় বছর হয়ে উঠেছে। এ বছর ব্যান্ডটি তাদের সংগীতযাত্রার ৪২ বছর উদযাপন করেছে, পেয়েছে রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদক, এবং বৈশ্বিক ব্র্যান্ড জিপ্পো'র সঙ্গে একটি বিশেষ সহযোগিতার মাধ্যমে তাদের সাংস্কৃতিক উপস্থিতিকে আরও বিস্তৃত করেছে। ওয়ারফেজের ৪২ বছরের আনুষ্ঠানিক ফিচারে উঠে এসেছে ব্যান্ডটির দীর্ঘস্থায়ী বাংলা হার্ড রক ও হেভি মেটাল সংগীতে তাদের পথিকৃৎ ভূমিকা এবং প্রজন্ম থেকে প্রজন্মে তাদের অব্যাহত প্রভাবের কথা।
'গিরগিটি' প্রকাশ প্রসঙ্গে লয় রেকর্ডস ওয়ারফেজের আরেকটি শক্তিশালী গান উপস্থাপন করতে পেরে গর্ব প্রকাশ করেছে। ২০২১ সালে প্রতিষ্ঠিত লয় রেকর্ডস বাংলাদেশের বহুমাত্রিক সংগীত প্রতিভা ও বিভিন্ন ঘরানার মিউজিককে সামনে আনতে কাজ করে যাচ্ছে। রেকর্ড লেবেলটি ইতিমধ্যে ওয়ারফেজের ৫টি সিঙ্গেলস প্রকাশ করেছে, যা দেশের অন্যতম প্রভাবশালী রক ব্যান্ডের সঙ্গে তাদের সম্পর্ককে আরও দৃঢ় করেছে।