‎দীপেন দেওয়ানকে মন্ত্রী পদে পুনর্বহালের দাবি

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী পদে সদ্য পদত্যাগ করা অ্যাডভোকেট দীপেন দেওয়ানকে স্বপদে পুনর্বহাল ও বর্তমান প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিনকে বদলির দাবীতে রাঙামাটিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (৭ জুলাই) সকাল এগারটায় রাঙ্গামা‌টি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে 'রাঙ্গামা‌টি পার্বত্য জেলার সর্বস্ত‌রের  নাগরিক সমাজ'-এর উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে পাহাড়ী বাঙ্গালী নারী-পুরুষ ব‌্যানার ফেস্টুন নি‌য়ে অংশ গ্রহন ক‌রেন। 

মানববন্ধনে বক্তারা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙ্গামা‌টি ২৯৯ নম্বর আসন থেকে দীপেন দেওয়ান দেশের ম‌ধ্যে সর্বোচ্চ ভোটের ব্যবধানে জয়লাভ করেন।  তিনি পাহাড়ি ও বাঙালি উভয় সম্প্রদায়ের মানুষের সমান আস্থাভাজন এবং পাহাড়ের অত্যন্ত জনপ্রিয় এক নেতা ছি‌লেন। কিন্তু দায়িত্ব নেওয়ার মাত্র তিন মাসের মাথায় তাকে পদত্যাগে বাধ্য করা হয়েছে বলে বক্তারা অভিযোগ করেন । এই ঘটনা পার্বত্য অঞ্চলের সাধারণ মানুষকে চরমভাবে হতাশ ও আশাহত করেছে।

মানববন্ধন থেকে  প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আহ্বান জানিয়ে বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলের মানুষের আবেগ ও ভালোবাসার মূল্য দিয়ে দীপেন দেওয়ানের মন্ত্রিত্ব ফিরিয়ে দেওয়া হোক। তারা বলেন, সমতলের কোনো প্রতিনিধিকে এই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব না দিয়ে, পাহাড়ের সন্তানতেই তার পদে বহাল রাখাই হবে সঠিক সিদ্ধান্ত। 

রাঙ্গামা‌টি প্রবীণ সংঘের সাধারণ সম্পাদক পার্বত্য চট্টগ্রাম নাগরিক সমাজের প্রতিনিধি অবঃ মৎস্য কর্মকর্তা  ইন্দু লাল চাকমার সভাপ‌তি‌ত্বে অনু‌ষ্ঠিত মানববন্ধ‌নে অন‌্যান‌্যর ম‌ধ্যে বক্তব্য রাখেন বালুখালী ইউপির সা‌বেক চেয়ারম‌্যান বিজর গিরি চাকমা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের রাঙ্গামা‌টির জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক  সমীরণ বড়ুয়া, লোমা লুসাই, পল্লী চিকিৎসক দলের সাধারণ সম্পাদক নবাশীষ চাকমা, বিলাইছড়ি উপজেলার সচেতন নাগরিক প্রতিনিধি ইমাম হোসেন, ও সংস্কৃতি কর্মী  নীতি ভূবন চাকমা ও নাগ‌রিক সমা‌জের নেতা ইন্টু ম‌নি তালুকদার প্রমুখ।