রেললাইনে পানি, চট্টগ্রামে আটকে আছে কক্সবাজারগামী ‘পর্যটক এক্সপ্রেস’

টানা অতিভারী বর্ষণে রেললাইন ডুবে যাওয়ায় কক্সবাজারগামী ‘পর্যটক এক্সপ্রেস’ ট্রেনটি চট্টগ্রাম নগরীর ষোলশহর এলাকায় আটকে পড়েছে। ট্রেনটিতে প্রায় সাড়ে ৬০০ যাত্রী রয়েছে। 

মঙ্গলবার (০৭ জুলাই) দুপুর পৌনে একটার দিকে ট্রেনটি আটকা পড়ে। বিকেল সোয়া পাঁচটা পর্যন্ত ট্রেনটি কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হতে পারেনি বলে রেলওয়ে সূত্রে জানা গেছে। 

ষোলশহর স্টেশন মাস্টার আরিফুল ইসলাম  জানান, সাড়ে ছয়শর বেশি যাত্রী নিয়ে সকালে ঢাকা থেকে ছেড়ে আসে পর্যটক এক্সপ্রেস। ট্রেনটি ষোলশহর স্টেশন পেরিয়ে কিছুদূর যাওয়ার পর রেললাইনের ওপর পানি দেখতে পেয়ে চালক ট্রেন থামিয়ে দেন। পরে ট্রেনটিকে ব্যাক করিয়ে নিরাপদ রাখতে ষোলশহর স্টেশনে এনে রাখা হয়েছে। পানি নেমে গেলে ট্রেনটি আবার কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা করবে।