জুলাই সংস্কারকে অস্বীকার করেছে বিএনপি সরকার: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলের চিপ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনে জনগণ সংস্কারের পক্ষে রায় দিয়েছে। কিন্তু বর্তমান বিএনপি সরকার সেই সংস্কারের দাবিকে অস্বীকার করেছে এবং এখন পর্যন্ত তা বাস্তবায়ন করেনি। সংস্কার জনগণের ম্যান্ডেট।

মঙ্গলবার (৭ জুলাই) তালতলা চত্ত্বরে টাঙ্গাইলের সখীপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত পদযাত্রা ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘আমরা কেন সংস্কার চাই? কারণ পুলিশ ও প্রশাসন দলীয়করণ হয়ে যায়। নির্বাচনের আগে বিএনপি সরকার এক কোটি মানুষের কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন হয়নি। এমনকি ঘোষিত বাজেটেও কর্মসংস্থান সৃষ্টির কোনো সুস্পষ্ট রূপরেখা নেই।’

তিনি আরও বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়ন না হলে দুর্নীতি বন্ধ হবে না। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমলেও বাংলাদেশে দাম কমেনি। বরং বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে।’

সীমান্ত পরিস্থিতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘সীমান্তে আমাদের ভাই-বোনদের হত্যা করা হচ্ছে। ভারতীয় নাগরিকদের বাংলাদেশি পরিচয়ে পুশ-ইন করা হচ্ছে। এ ধরনের পুশ-ইন বন্ধ করতে হবে।’

তিনি বলেন, ‘২০২৪ সালের জুলাইয়ে আমরা পরিবর্তনের জন্য জীবন ও রক্ত দিয়েছি। এক দলকে সরিয়ে আরেক দলকে লুটপাটের সুযোগ করে দেওয়ার জন্য বাংলাদেশের ছাত্র-জনতা আন্দোলন করেনি।’

সমাবেশে সখীপুর উপজেলা এনসিপির আহ্বায়ক ও প্রতিষ্ঠাতা প্রধান সমন্বয়কারী ফরিদ সিকদার জিয়ার সভাপতিত্বে এবং সদস্য সচিব মাওলানা আনছার আলীর সঞ্চালনায় বক্তব্য দেন দলের সিনিয়র যুগ্ম প্রধান সংগঠক ও ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দার, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।