টেবিলে বসেই ঘুষ নিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা (তহসিলদার) মো. মফিজুল ইসলামের বিরুদ্ধে প্রকাশ্যে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। নামজারি ও খাজনা আদায়সহ বিভিন্ন সেবার নামে তার অবৈধ অর্থ গ্রহণের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। ভাইরাল সেই ভিডিওতে তাকে এক সেবাগ্রহিতার কাছ থেকে টাকা গুনে নিজের পকেটে রাখতে দেখা যায়।

স্থানীয়দের অভিযোগ, এই অফিসে টাকা ছাড়া কোনো কাজ হয় না। এক ভুক্তভোগী জানান, দুটি দলিলের নামজারির জন্য তার কাছ থেকে জোরপূর্বক ৯ হাজার টাকা নেওয়া হয়েছে। তবে এ বিষয়ে অভিযুক্ত কর্মকর্তা মো. মফিজুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো সদুত্তর না দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে কথা বলার পরামর্শ দেন।

ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদ হোসেন জানান, বিষয়টি প্রাথমিকভাবে তদন্ত করা হচ্ছে। ভিডিওর সত্যতা যাচাই এবং সংশ্লিষ্টদের বক্তব্য নেওয়ার পর অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।