মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় দিপক সিং (১৯) নামে এক তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৭ জুলাই) ভোরে উপজেলার কেরামতনগর এলাকার একটি টিলার বটগাছের ডাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত দিপক সিং উপজেলার কেরামতনগর দক্ষিণ গ্রামের দুকউরা সিংয়ের ছেলে।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকারী বড়লেখা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রউফ বলেন, মঙ্গলবার ভোরে বাড়ির পাশের একটি টিলার বটগাছের ডালে ঝুলন্ত অবস্থায় দিপক সিংয়ের মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
তিনি আরও জানান, মঙ্গলবার বিকেলে ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।