'ম্যাচটি পাতানো ছিল, আর্জেন্টিনাকে আগাম অভিনন্দন', মিসরের জিকো

বিশ্বকাপের শেষ ১৬-র ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েও শেষ মুহূর্তের নাটকীয়তায় ৩-২ গোলে হেরে বিদায় নিয়েছে মিশর। তবে মাঠের এই হারকে কোনোভাবেই মেনে নিতে পারছেন না মিশরের ফরোয়ার্ড মোস্তফা জিকো। ম্যাচজুড়ে বেশ কিছু বিতর্কিত সিদ্ধান্তের কারণে ক্ষোভ উগরে দিয়ে ম্যাচটিকে সরাসরি ‘পাতানো’ বলে দাবি করেছেন তিনি।

ম্যাচে মিশরের হয়ে গোল করা ফরোয়ার্ড মোস্তফা জিকো ম্যাচ শেষে আবেগ ধরে রাখতে পারেননি। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, "এটি একটি পাতানো ম্যাচ ছিল। এখানে আমাদের কোনো দোষ ছিল না। ওই রেফারি... দেখে মনে হচ্ছিল এই ম্যাচটি আগে থেকেই ফিক্সড করা।"

তিনি আরও যোগ করেন, "আমরা ২-০ ব্যবধানে জিতছিলাম, আর রেফারি ক্রমাগত আমাদের ওপর চড়াও হচ্ছিলেন। আর্জেন্টিনাকে আরেকটি বিশ্বকাপের জন্য আগাম অভিনন্দন, দেখে তো তেমনই মনে হচ্ছে! আমরা কোনো মুহূর্তেই ভাবিনি যে ম্যাচটি শেষ হয়ে গেছে। আমরা জানতাম আমরা বিশ্বচ্যাম্পিয়নদের মুখোমুখি হয়েছি। কিন্তু রেফারি ভালো ছিলেন না, তিনি অন্যায় করেছেন। শুরু থেকেই তিনি আমাদের ওপর নিপীড়ন চালিয়েছেন, তিনি চাননি আমরা জিতি। আর্জেন্টিনা যদি কেবল নিজেদের যোগ্যতায় জিতত, তবে আমাদের অনুভূতি অন্যরকম হতো।"