নগর উন্নয়নে জাইকা ও ডিএনসিসির সভা

নগর উন্নয়নে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সংস্থাটির বাংলাদেশ অফিসের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল গতকাল মঙ্গলবার বিকালে ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খানের সঙ্গে এ সভা করে। এ সময় জাইকা চিফ রিপ্রেজেন্টেটিভ নতুন প্রযুক্তি সরবরাহ, ওয়ার্কশপ নির্মাণ, নতুন লান্ডফিল নির্মাণের কারিগরি সহযোগিতা, বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ প্রদানে সহযোগিতার প্রতিশ্রুতি দেন।

ডিএনসিসির প্রশাসক জাইকা ও ডিএনসিসির একটি পরিচ্ছন্ন, বাসযোগ্য, পরিবেশবান্ধব ও টেকসই ঢাকা গড়ে তুলতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সভায় ঢাকার নগর উন্নয়নে কারিগরি সহযোগিতা, পরিবেশবান্ধব ও টেকসই নগর ব্যবস্থাপনা, নাগরিক সেবা ও ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রসমূহ নিয়ে আলোচনা হয়। জাইকা প্রতিনিধিদলে নেতৃত্ব দেন বাংলাদেশ অফিসের চিফ রিপ্রেজেন্টেটিভ তাকাহাশি জুনকো। প্রতিনিধিদলে আরও ছিলেন হিদেকি ওসাওয়া ও বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পে নিয়োজিত জাইকার বিশেষজ্ঞ মাতসুকুরা ইউ (কাগসে)। প্রশাসকের কার্যালয়ের অনুষ্ঠিত সভায় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও কমোডর মোহাম্মদ হুমায়ুন কবীরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।