বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত জুন মাসে দেশের সীমান্ত এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩০৭ কোটি ৬৫ লাখ ১১ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য জব্দ করেছে। গতকাল মঙ্গলবার বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ৫ কেজি ৫৯২ গ্রাম সোনা, ১৮ হাজার ১৫টি শাড়ি, ৯ হাজার ৫৫১টি তৈরি পোশাক, ১ লাখ ৮৯ হাজার ১৮টি কসমেটিকস সামগ্রী, ১৭ লাখ ৫৪ হাজার ৫৪৩টি আতশবাজি, ৭ হাজার ৪৬৪ ঘনফুট কাঠ, ১ লাখ ১ হাজার ৭৭৬ কেজি কয়লা, ৫২ হাজার ৭৩৬ কেজি জিরা, ১৮ হাজার ৭৯৮ কেজি চিনি, ১১ লাখ ৪১ হাজার ১৬৯টি চিংড়ি মাছের পোনা, ৫ লাখ ৯১ হাজার ৪১৯টি বিভিন্ন ধরনের ওষুধ এবং বিপুল পরিমাণ মোবাইল ফোন, যন্ত্রাংশ, যানবাহন ও অন্যান্য চোরাচালানি পণ্য।
এ সময় বিজিবি ৮টি পিস্তল, একটি রাইফেল, ১৬টি ম্যাগজিন, ৬৩০ রাউন্ড গোলাবারুদ, ২টি মাইন, ৬টি গ্রেনেড এবং ৬টি অন্যান্য অস্ত্র উদ্ধার করেছে।
মাদকবিরোধী অভিযানে জুন মাসে ৩৭ লাখ ৭৯ হাজার ৩৫২টি ইয়াবা, ১৮ কেজি ১৫০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস), ৬০৭ গ্রাম হেরোইন, ১ হাজার ৪২২ বোতল ফেনসিডিল, ৬ হাজার ৮৩৮ বোতল বিদেশি মদ, ১ হাজার ৭১০ কেজি ৪৭০ গ্রাম গাঁজা, ১ লাখ ৮৪ হাজার ৬৩৩টি নেশাজাতীয় ট্যাবলেট ও ইনজেকশন এবং ২৪ হাজার ২০১ বোতল বিভিন্ন ধরনের সিরাপ জব্দ করা হয়। বিজ্ঞপ্তি।