এনসিপির সভায় বিস্ফোরণ

মামলা, তদন্ত কমিটি আ.লীগের ২ জন গ্রেপ্তার

সাভারে এনসিপির ‘জুলাই পদযাত্রা’-পরবর্তী সমাবেশে হাতবোমা বিস্ফোরণের ঘটনায় মামলা করা হয়েছে। এ ঘটনায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনা তদন্তে পুলিশের পক্ষ থেকে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

সোমবার গভীর রাতে এনসিপির ঢাকা জেলা উত্তরের সদস্য সচিব সালামত উল্লাহ রনি বাদী হয়ে বিস্ফোরক আইনে সাভার মডেল থানায় এ মামলা করেন। মামলায় অজ্ঞাতনামাদের আসামি করা হয়।

গতকাল মঙ্গলবার সাভার মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) নূর মোহাম্মদ জানান, ভোর ৪টার দিকে সাভার পৌর এলাকার আনন্দপুর মহল্লায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে সাভার মডেল থানা পুলিশ।  গ্রেপ্তারকৃতরা হলেনÑ মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার পূর্ব ভাকুম গ্রামের মৃত সুলতান ফকিরের ছেলে মো. নুরুল ইসলাম (৫২) । তিনি জয়মন্টপ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও জয়মন্টপ ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। অপরজন সাভার পৌর এলাকার আনন্দপুর মহল্লার আব্দুল জলিলের ছেলে মো. সজিব (৩২) । সে যুবলীগ কর্মী । গ্রেপ্তারকৃতদের দুপুরে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। বিকেলে ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগের আদালতে আসামিদের তোলা হলে উভয় পক্ষের আইনজীবীর শুনানি শেষে আদালত দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এদিকে এনসিপির সমাবেশে হাতবোমা বিস্ফোরণের ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য তিন সদস্যবিশিষ্ট কমিটির প্রধান করা হয়েছে ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) জাহাঙ্গীর আলমকে।