মা ও ছেলেসহ সড়কে প্রাণ গেল আটজনের

সড়ক দুর্ঘটনায় দেশের বিভিন্ন স্থানে নারীসহ ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার দিনাজপুরের বীরগঞ্জে মোটরসাইকেল যাত্রী মা ও ছেলে, কুমিল্লায় নারীসহ দুজন, জয়পুরহাটে দুজন ও খুলনায় দুজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন অনেকে। প্রতিনিধিদের পাঠানো খবর : 

দিনাজপুর : দিনাজপুরের-ঠাকুরগাঁও মহাসড়কের বীরগঞ্জে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল যাত্রী মা ও ছেলে নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেলের চালক বাবা আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার ভোর সাড়ে ৫টার সময় দিনাজপুরের-ঠাকুরগাঁও মহাসড়কের বীরগঞ্জ উপজেলার ৮নং ভোগনগর ইউনিয়নের পাঁচপীর মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন দিনাজপুরের কাহারোল উপজেলার মালগ্রামের মো. নাজমুল ইসলামের স্ত্রী ফাইমা আক্তার (২৮) ও তাদের ছেলে মো. আব্দুল্লাহ (৩)। এ ঘটনায় মো. নাজমুল ইসলাম (৩২) আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কুমিল্লা : কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১৫ জন। গতকাল সকালে লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলার খিলাবাজার এবং বিপুলাসার বাজার এলাকায় এ দুর্ঘটনা দুটি ঘটে। নিহত ব্যক্তিরা হলেন  নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কাছিহাটা গ্রামের মৃত ননী মিয়ার ছেলে মো. মোস্তফা কামাল (৬০) এবং কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার মৈশাতুয়া ইউনিয়নের খানাতুয়া গ্রামের তাসলিমা আক্তার (৪২)। নিহত তাসলিমা ইসলামী ব্যাংক নাঙ্গলকোট শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা মো. আবু জাফরের স্ত্রী। লাকসাম হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি পৃথক দুর্ঘটনায় দুজন নিহত ও ১৫ জন আহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

জয়পুরহাট : জয়পুরহাটের বনখুর এলাকায় ট্রাক ও যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ দুজন নিহত হয়েছেন ও গুরুতর আহত হয়েছেন আরও পাঁচ জন। গতকাল জয়পুরহাট-হিলি আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত একজন হলেন অটোচালক পাঁচবিবি উপজেলার কাদেরপাড়া গ্রামের এনামুল হকের ছেলে তৌহিদ হোসেন ও নিহত নারীর পরিচয় পাওয়া যায়নি, তার বাড়ি বীরনগর বলে জানা গেছে।

খুলনা : খুলনা মহানগরীতে ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। গতকাল বিকেল ৪টার দিকে নগরীর হরিণটানা থানার পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন পাইকগাছা উপজেলার হরিঢালী ইউনিয়নের সনাতনকাঠি গ্রামের শেখপাড়া এলাকার বাসিন্দা শেখ ওবায়দুল হকের ছেলে মো. শেখ দিদারুল হক (৩০) এবং একই উপজেলার বাড়ৈপাড়া এলাকার বিনোধর হোড়ের ছেলে তাপস হোড় ওরফে সুনু হোড় (৬০)। এই ঘটনায় অন্তত আরও দুজন গুরুতর আহত হয়েছেন। জানা গেছে, বিকেল ৪টার দিকে ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে ইজিবাইক উল্টে কয়েকজন ব্যক্তি গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকে মৃত ঘোষণা করেন। আহতদের হাসপাতালে চিকিৎসা চলছে।