হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ। গতকাল মঙ্গলবার নতুন দায়িত্ব গ্রহণ করেন তিনি। পুলিশ সদর দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
১৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা ফারুক আহমেদ ১৯৯৮ সালের ২২ ফেব্রুয়ারি সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। প্রায় তিন দশকের কর্মজীবনে তিনি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), ঢাকা মহানগর পুলিশ, চট্টগ্রাম মহানগর পুলিশ, বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমি, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), সিআইডিসহ বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন। এছাড়া পুলিশ সুপার হিসেবে মৌলভীবাজার ও কিশোরগঞ্জ জেলায় দায়িত্ব পালন করেন। তিনি লাইবেরিয়া ও দারফুরে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও দায়িত্ব পালন করেছেন। গত ৪ জুন তিনি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি লাভ করেন।