কসবায় ব্যাংকের প্রিন্সিপাল অফিসারকে কুপিয়ে হত্যা

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় হামলার শিকার উত্তরা ব্যাংকের গোপিনাথপুর ইউনিয়ন শাখার প্রিন্সিপাল অফিসার আরিফুল ইসলাম (৪৫) মারা গেছেন। গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি মারা যান। আরিফুল ইসলাম জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার পিংলু গ্রামের পূর্বপাড়ার মো. নিজাম উদ্দিনের ছেলে।

এর আগে গত সোমবার রাতে কসবা উপজেলার গোপীনাথপুর বাজারে তাকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। ঘটনার পর স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে তাকে ঢাকায় চিকিৎসার জন্য নেওয়ার পর একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। অভিযোগ উঠেছে, গোপীনাথপুর ইউনিয়নের নোয়ামোড়া গ্রামের মো. আলী হোসেন তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেন। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, ব্যাংক কর্মকর্তা আরিফুল ইসলাম ও অভিযুক্ত আলী হোসেন গোপীনাথপুরে একই বাড়িতে বসবাস করতেন। আলী হোসেন উত্তরা ব্যাংক থেকে ৭-৮ লাখ টাকা লোনও নিয়েছিলেন। ধারণা করা হচ্ছে, পূর্ব বিরোধ কিংবা লোনসংক্রান্ত বিষয় নিয়ে এ হত্যাকা- হয়েছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. ওবায়দুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত হাসপাতাল ও ঘটনাস্থলে ছুটে যায়। সোমবার রাত থেকেই পুলিশ তদন্তকাজ চালিয়ে যাচ্ছে। পূর্ব বিরোধ ও আলী হোসেনের উত্তরা ব্যাংক থেকে ৭-৮ লাখ টাকা লোন নেওয়ার বিষয়টি সামনে রেখে তদন্তকাজ চলছে। পলাতক আলী হোসেনকে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।