ইরাকে পৌঁছেছে খামেনির মরদেহ, আজ নেওয়া হবে কারবালায়

ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ ইরাকে পৌঁছেছে। মঙ্গলবার (৭ জুলাই) রাতে নাজাফ আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদি কফিন গ্রহণ করেন।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, খামেনি ও তাঁর পরিবারের সদস্যদের মরদেহ বহনকারী বিমানটি মঙ্গলবার রাতে নাজাফে অবতরণ করে। এ সময় বিমানবন্দরে রাষ্ট্রীয়ভাবে তাঁকে সম্মান জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার নাজাফ ও পবিত্র নগরী কারবালায় আয়োজিত জানাজার অনুষ্ঠানে মরদেহ নেওয়া হবে। এতে লাখো মানুষের অংশগ্রহণের আশা করা হচ্ছে। ইরাকের শিয়া মুসলিমদের কাছে খামেনি একজন প্রভাবশালী ধর্মীয় ব্যক্তিত্ব হিসেবে বিবেচিত হওয়ায় তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে বুধবার দেশটিতে সরকারি ছুটিও ঘোষণা করা হয়েছে।

এর আগে রোববার তেহরানের গ্র্যান্ড স্কয়ারে খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে ইমামতি করেন ইরানের শীর্ষ ধর্মীয় ব্যক্তিত্ব আয়াতুল্লাহ জাফর সোবহানী। এ সময় খামেনির পাশাপাশি তাঁর জামাতা ড. মেসবাহ-উল-হোদা বাঘেরি-কানি, মেয়ে জাহরা হাদ্দাদ-আদেল, ১৪ মাস বয়সী নাতনি জাহরা মোহাম্মদী-গোলপায়েগানি এবং সাইয়েদেহ বুশরা হোসেইনিরও জানাজা অনুষ্ঠিত হয়।

বুধবার খামেনির মরদেহ নাজাফে ইমাম আলীর (আ.) পবিত্র মাজার এবং কারবালায় ইমাম হুসাইন (আ.) ও হজরত আব্বাসের (আ.) মাজারে নেওয়া হবে। তাঁর ইচ্ছানুযায়ী আগামী ৯ জুলাই মাশহাদে ইমাম রেজার (আ.) পবিত্র মাজার প্রাঙ্গণে তাঁকে দাফন করা হবে।