মালদ্বীপে বিশেষ অভিযানে ২৭ বিদেশি আটক

মালদ্বীপের রাজধানী মালের পশ্চিম হারবার এলাকার ফুড কোর্টে একটি বিশেষ অভিযান চালিয়েছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। এই অভিযানে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ২৭ জন বিদেশি কর্মীকে আটক করা হয়েছে।

ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, পশ্চিম হারবার এলাকার বিভিন্ন ক্যাফে ও রেস্তোরাঁয় কর্মরত বিদেশি শ্রমিকদের টার্গেট করে টাস্কফোর্স এই অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন মোট ৮৮ জন বিদেশি কর্মীর কাগজপত্র ও কাজের অনুমতি (ওয়ার্ক পারমিট) যাচাই-বাছাই করা হয়। জিজ্ঞাসাবাদের পর বৈধ কাগজপত্র না থাকা এবং ভিসার শর্ত লঙ্ঘনের দায়ে ২৭ জনকে ইমিগ্রেশনের হেফাজতে নেওয়া হয়েছে।

কর্তৃপক্ষ উল্লেখ করেছে যে, ফুড কোর্টের প্রায় প্রতিটি ক্যাফেতেই বিপুল সংখ্যক বিদেশি কর্মী কাজ করছেন। এই খাতে শতভাগ আইনি নিয়ম বজায় রাখা এবং অবৈধ নিয়োগ বন্ধ করার লক্ষ্যেই তারা নিয়মিত এ ধরনের তল্লাশি চালাচ্ছেন। এর আগে গত মে মাসেও একই রকম একটি বড় অভিযানে ২৫৪ জন বিদেশিকে আটক করা হয়েছিল।

মালদ্বীপ সরকার জানিয়েছে, যেসব বিদেশি কর্মীর কাজের অনুমতি নেই, ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হয়ে গেছে কিংবা বৈধ পরিচয়পত্র নেই, তাদের আইনি প্রক্রিয়ায় আসার সুযোগ দেওয়া হয়েছিল। এই সুযোগ দেওয়ার পরও যারা আইন অমান্য করে চলছেন, তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। ইতিমধ্যে বহু অবৈধ প্রবাসীকে আটক করে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

উল্লেখ্য, মালদ্বীপে থাকা সব বিদেশি কর্মীর সঠিক তথ্য সংরক্ষণের জন্য ২০২৪ সালের মে মাসে ‘অপারেশন কুরাঙ্গি’ নামে একটি বিশেষ কর্মসূচি শুরু করে দেশটির সরকার। এই প্রকল্পের আওতায় এখন পর্যন্ত ১ লাখ ৯১ হাজার ৭২৩ জনেরও বেশি বিদেশি কর্মীর হাতের আঙুলের ছাপ ও ছবি সংগ্রহ করে একটি জাতীয় ডাটাবেস তৈরি করা হয়েছে।