মালয়েশিয়ায় বেসরকারি খাতে চাকরি পেয়েছেন ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী

মালয়েশিয়ায় ২০২৩ সাল থেকে চলতি বছরের ৩১ মে পর্যন্ত বেসরকারি খাতে ৬৮ হাজার ১৯১ জন প্রতিবন্ধী চাকরিপ্রার্থী কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন। দেশটির সামাজিক নিরাপত্তা সংস্থা (পারকেসু)-এর পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।

মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী দাতুক সেরি আর. রামানান সংসদে দেওয়া এক লিখিত জবাবে জানান, নিয়োগপ্রাপ্তদের মধ্যে ৩ হাজার ৬০৫ জন সাবাহ রাজ্যের বাসিন্দা, যা মোট নিয়োগের প্রায় ৫ দশমিক ৩ শতাংশ। কর্মসংস্থান পাওয়া ব্যক্তিদের মধ্যে অটিজম, অ্যাটেনশন ডেফিসিট হাইপারঅ্যাকটিভিটি ডিসঅর্ডার (এডিএইচডি), ডিসলেক্সিয়ায় আক্রান্ত ব্যক্তি এবং ‘রিটার্ন টু ওয়ার্ক’ কর্মসূচির অংশগ্রহণকারীরাও রয়েছেন।

রামানান বলেন, প্রতিবন্ধী জনগোষ্ঠীর ক্ষমতায়নকে সরকার কেবল সামাজিক দায়িত্ব হিসেবে নয়, বরং জাতীয় মানবসম্পদ উন্নয়নের একটি কৌশলগত অংশ হিসেবে বিবেচনা করছে। এ লক্ষ্য বাস্তবায়নে মানবসম্পদ মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন বিভাগ ও সংস্থা শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং উপযুক্ত কর্মসংস্থানের সুযোগ তৈরিতে নানা কর্মসূচি বাস্তবায়ন করছে।

কোটা মারুদুর সংসদ সদস্য দাতুক ওয়েট্রম বাহান্দারের এক প্রশ্নের জবাবে তিনি জানান, বিশেষ করে সাবাহ রাজ্যের প্রতিবন্ধীদের জন্য শিক্ষা, কারিগরি প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে সরকার ধারাবাহিক উদ্যোগ নিয়ে যাচ্ছে।

মানবসম্পদ বিভাগের (জেটিএম) আওতায় যোগ্য প্রতিবন্ধী আবেদনকারীরা অ্যাডভান্সড টেকনোলজি ট্রেনিং সেন্টার, জাপান-মালয়েশিয়া টেকনিক্যাল ইনস্টিটিউট (জেএমটিআই) এবং প্রোটন ইনস্টিটিউটে প্রশিক্ষণের সুযোগ পাচ্ছেন। এসব প্রতিষ্ঠানে অধ্যয়নরত প্রতিবন্ধী শিক্ষার্থীদের প্রতি মাসে ৩০০ রিঙ্গিত জীবনযাপন ভাতা দেওয়া হচ্ছে। এ ছাড়া তাদের টিউশন ফি সম্পূর্ণ মওকুফের পাশাপাশি বিনামূল্যে আবাসন ও খাবারের সুবিধাও দেওয়া হচ্ছে।