মাদক ও মানবপাচার রুখতে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে পাকিস্তান, ভিয়েতনাম এবং জাতিসংঘের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে পৃথক দ্বিপক্ষীয় বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। স্থানীয় সময় মঙ্গলবার (৭ জুলাই) এই বৈঠকগুলো অনুষ্ঠিত হয়। বৈঠকে মাদক নিয়ন্ত্রণ, মানবপাচার রোধ, আঞ্চলিক স্থিতিশীলতা এবং রোহিঙ্গা সংকটসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

পাকিস্তানের স্বরাষ্ট্র ও মাদক নিয়ন্ত্রণবিষয়ক ফেডারেল মন্ত্রী সৈয়দ মহসিন নকভির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং সামগ্রিক আইনশৃঙ্খলা সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে পাকিস্তানে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিকদের জাতীয় পরিচয়পত্র পেতে যে মানবিক জটিলতা হচ্ছে, তা দূর করার আহ্বান জানান। দুই দেশের মন্ত্রী মধ্যপ্রাচ্য সংকটের কারণে জ্বালানি নিরাপত্তা, বাণিজ্য ও আঞ্চলিক স্থিতিশীলতার ওপর সম্ভাব্য প্রভাব নিয়েও কথা বলেন।

পাকিস্তানের ফেডারেল মন্ত্রী সৈয়দ মহসিন নকভির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

ভিয়েতনামের জননিরাপত্তা মন্ত্রণালয়ের উপমন্ত্রী সিনিয়র লেফটেন্যান্ট জেনারেল নগুয়েন ভ্যান লংয়ের সঙ্গে বৈঠকে অভিবাসন ব্যবস্থাপনা, কনসুলার সহযোগিতা, বাণিজ্য-বিনিয়োগ সম্প্রসারণ এবং মানবপাচার ও আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমনের বিষয়গুলো উঠে আসে। ভিয়েতনামের উপমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের দীর্ঘদিনের অবদানের প্রশংসা করেন এবং দুই দেশের মধ্যে আইন-শৃঙ্খলা বিষয়ক সম্পৃক্ততা বজায় রাখার ওপর জোর দেন।

জাতিসংঘের রাজনৈতিক ও শান্তিনির্মাণবিষয়ক আন্ডার-সেক্রেটারি-জেনারেল রোজমেরি এ. ডি-কার্লোর সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আন্তর্জাতিক শান্তি রক্ষায় বাংলাদেশের অগ্রাধিকারগুলো তুলে ধরেন। বিশেষ করে মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবর্তনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের টেকসই ও জোরালো সহায়তা কামনা করেন তিনি। ডি-কার্লো জাতিসংঘে বাংলাদেশের গঠনমূলক ও দায়িত্বশীল ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।