আরব সাগরে ৫ আরোহীসহ পাকিস্তানি কার্গো বিমান নিখোঁজ

সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে পাকিস্তানের করাচিগামী একটি কার্গো বিমান আরব সাগরের আকাশে নিখোঁজ হয়েছে। বিমানটিতে পাঁচজন ক্রু সদস্য ছিলেন। তাদের সন্ধানে সমুদ্রে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

পাকিস্তান এয়ারপোর্টস অথরিটি মঙ্গলবার এক বিবৃতিতে জানায়, কে-২ এয়ারওয়েজের বোয়িং ৭৩৭-৪০০ কার্গো বিমানটি স্থানীয় সময় রাতে করাচি থেকে প্রায় ৩০০ কিলোমিটার পশ্চিমে উড়ন্ত অবস্থায় রাডারের নজর থেকে হারিয়ে যায়।

বিবৃতিতে বলা হয়, রাত ৯টা ২১ মিনিটে বিমানটিকে দ্রুত উচ্চতা হারাতে এবং হঠাৎ গতিপথ পরিবর্তন করতে দেখা যায়। এর কিছুক্ষণ পর করাচি থেকে প্রায় ১৫৫ নটিক্যাল মাইল পশ্চিমে বিমানটির সঙ্গে রাডার ও যোগাযোগ দুটিই বিচ্ছিন্ন হয়ে যায়।

ঘটনার পরপরই বিভিন্ন সংস্থার সমন্বয়ে আরব সাগরে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। নিখোঁজ বিমানটির অবস্থান শনাক্ত এবং পাঁচ ক্রু সদস্যের সন্ধানে উদ্ধারকারী দল কাজ করছে।

তবে বিমানটির নিখোঁজ হওয়ার কারণ বা ক্রু সদস্যদের পরিচয় সম্পর্কে এখনো কোনো তথ্য প্রকাশ করেনি পাকিস্তান এয়ারপোর্টস অথরিটি।