ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহস্রাইল বাজারের রড-সিমেন্ট ব্যবসায়ী সৈয়দ সোহরাব আলী (৫০) দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন। এ সময় হামলাকারীরা তার কাছ থেকে নগদ ৩ লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
বুধবার (৮ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে সহস্রাইল থেকে আলফাডাঙ্গার উদ্দেশ্যে যাওয়ার পথে ছত্রকান্দা এলাকার খালেক স্যারের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সহস্রাইল বাজারসংলগ্ন এলাকার বাসিন্দা সৈয়দ সোহরাব আলী মোটরসাইকেলে আলফাডাঙ্গার দিকে যাচ্ছিলেন। পথে একদল অজ্ঞাত ব্যক্তি তার গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে তার কাছে থাকা নগদ প্রায় তিন লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।