বিভাগীয় পর্যায়ে ভর্তি পরীক্ষা

চার বিশ্ববিদ্যালয়ে জাবির উপ কমিটি গঠন

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষ থেকে বিভাগীয় পর্যায়ে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা বাস্তবায়নে তথ্য সংগ্রহের লক্ষ্যে দেশের চার বিভাগীয় শহরের চারটি বিশ্ববিদ্যালয়ে পৃথক চারটি উপ-কমিটি গঠন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন।

বুধবার (৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) ও কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব সৈয়দ মোহাম্মদ আলী রেজা স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা বিভাগীয় পর্যায়ে গ্রহণের বিষয়ে গঠিত বাস্তবায়ন কমিটির অংশ হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এবং খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আয়োজনের পদ্ধতি, ব্যবস্থাপনা ও সার্বিক অভিজ্ঞতা সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য পৃথক চারটি উপ কমিটি গঠন করা হয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য গঠিত উপ-কমিটিতে রয়েছেন জাবির প্রো-ভিসি (শিক্ষা), আইবিএ-জেইউর পরিচালক ও আইআইটির পরিচালক। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ কমিটিতে রয়েছেন প্রো-ভিসি (প্রশাসন), জীববিজ্ঞান অনুষদের ডিন, আইসিএলসির পরিচালক ও পরীক্ষা নিয়ন্ত্রক।

এদিকে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য গঠিত উপ কমিটিতে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ, গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের ডিন এবং বিজনেস স্টাডিজ অনুষদের ডিন।

অন্যদিকে, খুলনা বিশ্ববিদ্যালয়ের জন্য গঠিত উপ কমিটিতে রয়েছেন কলা ও মানবিকী অনুষদের ডিন, সমাজবিজ্ঞান অনুষদের ডিন ও আইন অনুষদের ডিন।

তথ্য সংগ্রহের সুবিধার্থে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা-সংক্রান্ত জরুরি জিজ্ঞাসা সম্বলিত একটি নমুনা প্রশ্নমালা উপ-কমিটিগুলোর কাছে পাঠানো হয়েছে। দায়িত্বপ্রাপ্ত সদস্যদের সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করে আগামী ১৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।