ভারতে যে ক’জন মেধাবী অভিনেত্রী রয়েছেন, তার মধ্যে অন্যতম টাবু। দীর্ঘ কয়েক দশক ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত থাকলেও বরাবরই তাকে কম দেখা গেছে সিনে পর্দায়। আর যে সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে, সেই সিনেমার মাধ্যমেই দর্শকমনে অন্যরকম দাগ কেটেছেন এই তারকা।
চমকপ্রদ খবর হলো,দক্ষিণী সিনেমার জনপ্রিয় সুপারস্টার নাগার্জুন আক্কিনেনির ক্যারিয়ারের ১০০তম সিনেমায় প্রধান নারী চরিত্রে অভিনয় করছেন টাবু। এর মাধ্যমে দীর্ঘ ২৮ বছর পর এই অভিনেত্রী অভিনয় করছেন নাগার্জুনের সঙ্গে। তবে রোমান্টিক জুটি হিসেবে নয়, বরং নাগার্জুনের প্রধান শত্রু অর্থাৎ সিনেমার মূল ‘ভিলেন’ হিসেবে দেখা যাবে তাকে! এই ভিলেন চরিত্রটি নাকি অনেক রহস্যময়। আন্তর্জাতিক গণমাধ্যম ‘ভ্যারাইটি ইন্ডিয়া’র এক রিপোর্টে এই চাঞ্চল্যকর তথ্যটি প্রকাশ করা হয়েছে। প্রায় তিন দশক পর এই দুই তারকার একসঙ্গে পর্দায় ফেরা নিয়ে সিনেমা পাড়ায় ইতিমধ্যে হইচই পড়ে গেছে।
নব্বইয়ের দশকে নাগার্জুন ও তাবু জুটি ছিলেন দারুণ জনপ্রিয়। ১৯৯৬ সালে তাদের ‘নিন্নে পেল্লাদাতার’ সিনেমাটি বক্স অফিসে ঝড় তুলেছিল। এরপর ১৯৯৮ সালে ‘আভিদা মা আভিদে’ সিনেমায় তাদের শেষবারের মতো একসাথে অভিনয় করতে দেখা যায়। দীর্ঘ ২৮ বছর পর এই চেনা জুটিকে আবার একসঙ্গে দেখার সুযোগ পাচ্ছেন দর্শক, তবে একেবারেই ভিন্ন এক সমীকরণে। আর এ কার্তিক পরিচালিত এই সিনেমাটি প্রযোজনা করছে নাগার্জুনদের পারিবারিক প্রতিষ্ঠান ‘অন্নপূর্ণা স্টুডিওস’।
জটিল ও রহস্যময় চরিত্রে টাবুর অভিনয় বরাবরই প্রশংসিত। এর আগে ‘আন্ধাধুন’, ‘হায়দার’ কিংবা ‘মকবুল’-এর মতো সিনেমাগুলোতে খল-চরিত্রে অভিনয় করে দর্শকদের তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি। সিনেমা সংশ্লিষ্টদের মতে, ‘কিং১০০’ সিনেমায় নাগার্জুনের মতো একজন অ্যাকশন হিরোর বিপরীতে তাবুর মতো শক্তিশালী অভিনেত্রীর ভিলেন লুক সিনেমাটিকে এক অন্য মাত্রায় নিয়ে যাবে।
সম্প্রতি হলিউডের বিখ্যাত ‘ডুন: প্রফেসি’ সিরিজে অভিনয় করে বিশ্বজুড়ে প্রশংসা কুড়ানো টাবু ইতিমধ্যেই গত এপ্রিল থেকে ‘কিং১০০’ সিনেমার শুটিং শুরু করে দিয়েছেন। মে মাসে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি শেয়ার করে তিনি নিজেই সিনেমার প্রথম ধাপের শুটিং শেষ করার খবর জানান। নাগার্জুন এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তাবু যখন জানতে পারেন যে এটি তার ১০০তম সিনেমা, তখন তিনি নিজেই এই ঐতিহাসিক প্রজেক্টের অংশ হওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন। বড় বাজেট এবং দুই পুরনো বন্ধুর এই নতুন লড়াই দেখার জন্য এখন সাগ্রহে অপেক্ষা করছেন সিনেমাপ্রেমীরা।