নরসিংদী

দুর্বৃত্তের হামলার শিকার আহত বৃদ্ধ পরিচ্ছন্নতা কর্মীর মৃত্যু

নরসিংদীর রায়পুরারে মেথিকান্দা রেলস্টেশনে দুর্বৃত্তদের হামলা ও লুটের শিকার বাক্প্রতিবন্ধী পরিচ্ছন্নতা কর্মী ববি বেগম মারা গেছেন। তার বয়স ৭০ বছর। নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে মঙ্গলবার (৮ জুলাই) রাত সোয়া ১টার দিকে তার মৃত্যু হয়।

নরসিংদী জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ফরিদা গুলশানারা কবির জানান, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে পুলিশের মাধ্যমে ববি বেগমের মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে আনা হয়। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

স্থানীয়রা জানায়, গত ৪ জুলাই গভীর রাতে একদল দুর্বৃত্ত মেথিকান্দা রেলস্টেশনের একটি পরিত্যক্ত কক্ষে ঢুকে ববি বেগমের ওপর নির্মম হামলা চালায়। এ সময় তাকে মারধর করে দীর্ঘদিনের কষ্টার্জিত ও সঞ্চিত প্রায় ৪০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। পরে স্টেশনের কর্মীরা তাকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে আবার স্টেশনে ফিরিয়ে আনা হয়। এরপর কিছুটা সুস্থ থাকলেও বুধবার রাতে হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে রেফার করার পর সেখানে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে তার মৃত্যু হয়।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান জানান, এ ঘটনায় ভৈরব রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। রেলওয়ে পুলিশের সঙ্গে সমন্বয় করে অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।