হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

গত ২৪ ঘন্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। 

বুধবার (৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

সারাদেশে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৬৫২ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ৯৩ শিশুর মৃত্যু হয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৭৪৫ শিশু মারা গেছে।

এছাড়া, ২৪ ঘণ্টায় ১০৬ শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৭৯৬। এই সময়ে ৭৪৮ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৭৮৪ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৮ হাজার ১৮০, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৩ হাজার ৭০। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৯১ হাজার ২৭০ রোগী, যাদের মধ্যে ৮৭ হাজার ৬২৮ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।