সিডিএ চেয়ারম্যান

‘নালা-নর্দমা পরিষ্কার করা সিডিএর কাজ নয়’

চট্টগ্রাম নগরের নালা-নর্দমা পরিষ্কার রাখা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) মূল দায়িত্ব নয় বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন।

তিনি বলেন, সিডিএর প্রধান দায়িত্ব হলো অবকাঠামোগত উন্নয়ন। বিগত সরকারের সময় রাজনৈতিক কারণে সিটি করপোরেশনের পরিবর্তে এ দায়িত্ব সিডিএকে দেওয়া হয়েছিল। কিন্তু এ ধরনের কাজ পরিচালনার জন্য সিডিএর প্রয়োজনীয় জনবল নেই।

বুধবার (৮ জুলাই) নগরীর বিভিন্ন জলাবদ্ধ এলাকা ও চলমান উন্নয়ন প্রকল্প পরিদর্শন শেষে প্রবর্তক মোড়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে সিডিএ চেয়ারম্যান এসব কথা বলেন।

প্রকৌশলী বেলায়েত হোসেন বলেন, জনবল সংকটের কারণেই জলাবদ্ধতা নিরসনে খাল পুনঃখনন, সম্প্রসারণ, সংস্কার ও উন্নয়ন প্রকল্পের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছিল। তবে চট্টগ্রামে সাম্প্রতিক ভারী বৃষ্টিপাতের পরও অনেক এলাকায় দ্রুত পানি নেমে যাচ্ছে। সিডিএর আওতায় থাকা ৩৬টি খালের মধ্যে ৩০টির কাজ ইতোমধ্যে সম্পূর্ণ শেষ হয়েছে। বাকি খালের মধ্যে আরও পাঁচটির কাজ ৯৮ শতাংশ এবং হিজরা খালের কাজ ৬৮ শতাংশ শেষ হয়েছে।

জলাবদ্ধতা নিরসনে ৩৯টি রেগুলেটর বা স্লুইসগেটের ভূমিকার কথা উল্লেখ করে সিডিএ চেয়ারম্যান বলেন, সব রেগুলেটর বর্তমানে সচল নেই। তবে বুধবার বিকেল থেকেই সেনাবাহিনী এসব রেগুলেটরের দায়িত্ব গ্রহণ করছে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অবহেলার কারণে রেগুলেটর কিংবা পাম্প অচল থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

দোষারোপের রাজনীতি পরিহার করে চট্টগ্রাম সিটি করপোরেশন, চট্টগ্রাম ওয়াসা, সিডিএ ও সেনাবাহিনীকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে বেলায়েত হোসেন বলেন, এই নগর আমাদের সবার। কাজেই শহরের প্রতি দায়িত্ববোধ থাকতে হবে। ড্রেনে পলিথিন, আসবাবপত্র ও বর্জ্য ফেলার কারণে পানি নিষ্কাশনে বাধা সৃষ্টি হচ্ছে।

এসকল বিষয়ে নাগরিকদের আরও দায়িত্বশীল আচরণ করা উচিত বলে মনে করে তিনি। 

পরিদর্শনের সময় তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো.জানে আলম, সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের লেফটেন্যান্ট কর্নেল মো. মহসিনুল হক চৌধুরী, সিডিএর প্রধান প্রকৌশলী আহমেদ আনোয়ারুল নজরুল, সিডিএর সার্বক্ষণিক সদস্য মো. নূরুল্লাহ নূরী ও জলাবদ্ধতা প্রকল্পের পরিচালক আহমেদ মঈনুদ্দিনসহ ঊর্ধ্বতন প্রকৌশলীরা।