‘আমার খুব জানতে ইচ্ছে করে আমার ভাইয়ের সাথে কি করা হয়েছিলো, কোন নদীতে ফেলা হয়েছে’

‘মায়ের ডাক’র সমন্বয়ক ও সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি বলেছেন, ‘আমার ভাইয়ের (আওয়ামী লীগের আমলে গুমের শিকার বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমন) সাথে কি হয়েছিলো, আমার খুব জানতে ইচ্ছে হয়। কোথায় কোন নদীতে তাকে ফেলা হয়েছিলো। আমার মাকে আপনারা দেখেছেন আয়নাঘরের রুম গুলোর দেয়ালগুলো তে কিভাবে আমার ভাইয়ের স্মৃতিচারণ করেছে। আমার সকল গুম হয়ে যাওয়া ভাইদের খবর জানতে ইচ্ছা হয় জি হয়েছিলো আসলে তাদের সাথে।’ বুধবার (৮ জুলাই) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে ‘মননে জুলাই’ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

তিনি বলেন, ‘জুলাই আমাদের জাতীয় জীবনের এক অবিস্মরণীয় অধ্যায়। এটি শুধু একটি মাসের নাম নয়, এটি সাহস, আত্মত্যাগ, ন্যায়বিচারের এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার অদম্য সংগ্রামপ্রতীক।’ সানজিদা ইসরাম তুলি বলেন, ‘শুধু জুলাইকে স্মরণ করা নয়, বরং জুলাইয়ের চেতনাকে ধারণ করে এমন বাংলাদেশ গড়ে তুলতে হবে, যেখানে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত হবে, মানবাধিকার সমুন্নত থাকবে, দুর্নীতির কোনো স্থান থাকবে না এবং মেধা, যোগ্যতা ও ন্যায়বিচারের ভিত্তিতে প্রতিটি নাগরিক সমান সুযোগ পাবে। জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ তখনই সত্যিকার অর্থে সার্থক হবে।’   

তিনি আরও বলেন, ‘জুলাই মানে হাজারো মা, ভাই তাদের অশ্রু, বুকের তাজাঁ রক্ত ঢেলে দিয়েছে। জুলাই মানে সেই বাবা যিনি সন্তানকে সুন্দর ভবিষ্যতের জন্য গড়ে তুলেছিলেন, কিন্তু লাশ হয়ে ফিরেছে। জুলাই মানে সেই ভাইটা যে নিজের স্বার্থের কথা চিন্তা না করে বাংলাদেশকে ভালোবেসে জীবন দিয়েছে। আমরা যারা বিগত সময়ে আন্দোলনে ছিলাম তারা একটা বড় অংশ এই জুলাইয়ের।’