গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার সময় রহমান নামে এক প্রতারককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা। এ সময় তার কাছ থেকে একটি ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে।
বুধবার (৮ জুলাই) দুপুরে উপজেলার সাজাইল ইউনিয়নের কুসুমদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
কাশিয়ানী-মুকসুদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার নাফিছুর রহমান জানান, অভিযুক্ত রহমান নিজেকে প্রভাবশালী পরিচয় দিয়ে ফ্যামিলি কার্ড করে দেওয়ার আশ্বাসে বিভিন্ন ব্যক্তির কাছে ৪ হাজার টাকা করে দাবি করছিল। তার আচরণে সন্দেহ হলে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রহমানকে একটি ওয়াকিটকিসহ গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। প্রাথমিক তদন্তে জানা গেছে, তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় প্রতারণার একাধিক মামলা রয়েছে।
এ ঘটনায় কাশিয়ানী থানায় একটি মামলা করা হয়েছে। পুলিশ প্রতারক চক্রের সঙ্গে তার সম্পৃক্ততা এবং ঘটনার বিস্তারিত তদন্ত করছে।