ময়মনসিংহে ঘরে জমে থাকা বৃষ্টির পানিতে পড়ে আয়াশ নামে ৯ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৮ জুলাই) সকালে ময়মনসিংহ নগরীর ব্রাহ্মপল্লী এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত আয়াশ নগরীর সেহরা ডিবি রোড এলাকার বাসিন্দা রেজুয়ানুল আমিন তালুকদার আবির ও বন্যা আক্তার দম্পতির ছেলে।
মৃত শিশুর পরিবার জানায়, কিছুদিন ধরে আয়াশকে নিয়ে বাবার বাড়ি ব্রাহ্মপল্লী এলাকায় ছিলেন তার মা বন্যা আক্তার। মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া টানা ভারী বৃষ্টিতে বিভিন্ন এলাকার মতো ওই বাড়িতেও পানি ঢুকে পড়ে এবং ঘরের মেঝেতে বৃষ্টির পানি জমে যায়। প্রতিদিনের মতো বুধবার সকালে মায়ের পাশে খাটে ঘুমিয়ে ছিল ছোট্ট আয়াশ। পরিবারের সদস্যদের অজান্তে কোনো একসময় ঘুমের মধ্যে খাট থেকে নিচে পড়ে যায় সে। মেঝেতে জমে থাকা পানিতে পড়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ে শিশুটি। স্বজনরা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মো. সুজাউদ্দিন জানান, সকাল ১০টার দিকে শিশুটিকে হাসপাতালে আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে পরিবারের সদস্যরা প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ নিয়ে যান।