বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দায়িত্ব নেওয়ার একদিনের মধ্যেই বিতর্কের মুখে পড়েছেন ডা. এস এম মনিরুজ্জামান শাহীন। ‘জুলাই আন্দোলনবিরোধী’ অভিযোগ তুলে তাকে নিজ দপ্তর থেকে বের করে দিয়ে কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছেন বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের একদল শিক্ষার্থী।
বুধবার (৮ জুলাই) দুপুরের দিকে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ে এ ঘটনা ঘটে।
জানা গেছে, গত ৫ জুলাই ডা. মনিরুজ্জামান শাহীনকে বরিশাল বিভাগের স্বাস্থ্য পরিচালক হিসেবে পদায়ন করা হয়। তিনি মঙ্গলবার সকালে নতুন কর্মস্থলে যোগদান করলেও কিছু সময় পর কার্যালয় ত্যাগ করেন। পরে নিজেদের জুলাই আন্দোলনের অংশগ্রহণকারী পরিচয় দেওয়া কয়েকজন শিক্ষার্থী পরিচালকের কক্ষে তালা ঝুলিয়ে বিক্ষোভ শুরু করেন।
পরদিন বুধবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি আবার দপ্তরে আসেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ শাখার সভাপতি ডা. নজরুল ইসলাম সেলিমসহ কয়েকজন শিক্ষার্থী তার কক্ষে প্রবেশ করে পদত্যাগ বা কক্ষ ত্যাগের দাবি জানান। তবে তিনি তাৎক্ষণিকভাবে কক্ষ ছাড়তে অস্বীকৃতি জানালে উভয় পক্ষের মধ্যে দীর্ঘ সময় ধরে তর্ক-বিতর্ক চলে।
পরে আরও শিক্ষার্থী সেখানে জড়ো হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে দুপুর প্রায় ২টা ২০ মিনিটে ডা. মনিরুজ্জামানকে কক্ষ থেকে বের করে দেওয়া হয় এবং তার অফিসে তালা লাগিয়ে দেওয়া হয়।
ডা. নজরুল ইসলাম সেলিমের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের সময় প্রশাসনিক সুবিধা ও পদোন্নতিতে বৈষম্য করা হলেও ডা. মনিরুজ্জামান তখন বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করেছেন। সেই ধারাবাহিকতায় এখনও একই ধরনের সুবিধা পাচ্ছেন বলেও তিনি দাবি করেন।
শিক্ষার্থী জোনায়েদ ইসলাম অভিযোগ করেন, জুলাই আন্দোলনের সময় ডা. মনিরুজ্জামান আন্দোলনকারীদের তথ্য গোয়েন্দা সংস্থার কাছে সরবরাহ করেছিলেন এবং আহতদের চিকিৎসা পেতেও বাধা দিয়েছিলেন। এসব অভিযোগের কারণেই তাকে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দায়িত্বে মেনে নেওয়া সম্ভব নয় বলে জানান তিনি।
অন্যদিকে ডা. এস এম মনিরুজ্জামান শাহীন অভিযোগ অস্বীকার করে বলেন, ছাত্রজীবনে তিনি ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং বর্তমানে ড্যাবের রাজনীতি করেন। জুলাই আন্দোলনের সময় ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করতে বাধ্য হয়েছেন বলে দাবি করেন তিনি। এ বিষয়ে এখন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তের অপেক্ষায় আছেন বলেও জানান।