পটুয়াখালীর দুমকিতে দুই দফা দাবিতে বাংলাদেশ ডাকঘর কর্মচারী ইউনিয়ন, ডাকঘর কর্মচারী সমিতি ও কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে কর্মরত কর্মচারীরা অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছেন। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বুধবার (৮ জুলাই) সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রধান ডাকঘরের সামনে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
বিক্ষুব্ধ কর্মচারীদের অভিযোগ, ২০২৪ সালের জুলাইয়ের বৈষম্যবিরোধী আন্দোলনের পক্ষে কাজ করলেও এখন তারাই বৈষম্যের শিকার। বিভাগীয় কর্মচারীদের মতো একই ধরনের দায়িত্ব পালন করলেও তারা মাত্র ৪ হাজার ৪৬০ টাকা সম্মানী পান, যা দিয়ে সংসার পরিচালনা ও সন্তানদের পড়াশোনার ব্যয় বহন করা অত্যন্ত কষ্টসাধ্য।
তাই বিভাগীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করে চাকরি জাতীয়করণের দাবি জানান তারা।
মানববন্ধনে বক্তব্য দেন আঙ্গারিয়া ডাকঘরের ইলিয়াছ হোসেন, জলিশা ডাকঘরের আরিফা সুলতানা, চরবয়ড়া ডাকঘরের ফারজানা আক্তার, পাঙ্গাশিয়া ডাকঘরের জাফর হোসেন, চরবয়ড়া ডাকঘরের নুরুল ইসলাম এবং শ্রীরামপুর ডাকঘরের রফিকুল ইসলাম টিটুসহ অন্যরা।
তাদের দুই দাবি হলো চাকরি জাতীয়করণ ও বর্তমান ভাতা তিন গুণ বৃদ্ধি করা। গত ৬ জুলাই থেকে তারা ধর্মঘট পালন করে আসছেন।