জিম্বাবুয়ে থেকে না খেলেই ফিরছেন লিটন

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে পাওয়া চোটে টি-টোয়েন্টিতে খেলতে পারেননি লিটন দাস। একই কারণে জিম্বাবুয়ে সফরের একমাত্র টেস্টেও ছিলেন না এই উইকেটরক্ষক-ব্যাটার। শুধুমাত্র ওয়ানডে সিরিজ খেলতে সে দেশে যান তিনি। তবে সুস্থ না হওয়ায় প্রথম ওয়ানডে বেঞ্চে বসেই কাটাতে হয় তাকে। এবার গোটা সফর থেকেই ছিটকে গেলেন লিটন। ফিটনেস পরীক্ষায় উতরাতে না পারায় কোনো ম্যাচ না খেলেই দেশে ফিরতে হচ্ছে তাকে। আজ এক সংবাদ বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

লিটনের সর্বশেষ অবস্থা জানিয়ে জাতীয় দলের ফিজিও বায়জেদুল ইসলাম বলেন, ‘লিটন প্রথম ওয়ানডেতে খেলতে পারেননি এবং এখনও ম্যাচ খেলার মতো ফিট নন। আজ তার ফিটনেস পরীক্ষা হয়, কিন্তু ফল সন্তোষজনক হয়নি। সামনে টানা দুটি ওয়ানডে থাকায় আমরা মনে করছি না, সিরিজে খেলার মতো পর্যাপ্ত উন্নতি করতে পারবেন তিনি।’

পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যেতে লিটন ঢাকায় ফিরে আসবেন। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে আগামী ৯ ও ১১ জুলাই। লিটনের পরিবর্তে পারভেজ হোসেন ইমনকে দলে নিয়েছেন নির্বাচকেরা। তবে এই ব্যাটার আজই ঢাকা ছাড়েন। তাই আগামীকাল দ্বিতীয় ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দিতে পারবেন না।

লিটন অবশ্য জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি দলে নেই। লঙ্কা প্রিমিয়ার লিগে খেলার জন্য বিসিবি থেকে ছাড়পত্র নিয়েছেন তিনি।