যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় খাবার সরবরাহের কাজ করার সময় দুর্বৃত্তদের গুলিতে মো. মাহফুজুল হক (৪৩) নামে এক বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। মঙ্গলবার (৮ জুলাই) রাতে কিংসেসিং এলাকার সাউথ ইথান স্ট্রিটে এই ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ জানায়, ডোরড্যাশের মাধ্যমে খাবার ডেলিভারির দায়িত্ব পালনকালে মাথার পেছনে গুলিবিদ্ধ অবস্থায় মাহফুজুল হককে উদ্ধার করা হয়। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে তার চালু অবস্থায় থাকা গাড়ি, ডোরড্যাশের-এর ডেলিভারি ব্যাগ এবং রাইফেলের ব্যবহৃত দুটি খোসা উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এ ঘটনায় মুখোশধারী তিনজনকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।