আজই দাফন

ইরাক থেকে মাশহাদে যাচ্ছে খামেনির কফিন

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কফিন ইরাকের নাজাফ থেকে ইরানের মাশহাদে নেওয়া হচ্ছে। বুধবার (৮ জুলাই)  ইরাকের নাজাফ এবং পবিত্র নগরী কারবালায় খামেনির জানাজায় লাখো মানুষের ঢল নামে। তারা এই ধর্মীয় নেতার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

ইরানি সংবাদ সংস্থা মেহর নিউজ এজেন্সির বরাতে আলজাজিরা জানিয়েছে, বৃহস্পতিবার (৯ জুলাই) মাশহাদ শহরেই খামেনির দাফন সম্পন্ন হবে। এর মধ্য দিয়ে তার শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা শেষ হতে যাচ্ছে।

খামেনির মৃত্যুর পর গত ছয় দিন ধরে ইরান ও ইরাকজুড়ে বিভিন্ন শোকানুষ্ঠান ও শেষ শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি চলছে। এর অংশ হিসেবে ইরাকের পবিত্র শহর নাজাফ ও কারবালাসহ বিভিন্ন স্থানে জানাজা ও শোকসভার আয়োজন করা হয়। নাজাফ থেকে মাশহাদে কফিন স্থানান্তরের মধ্য দিয়ে এই শোক কর্মসূচির শেষ পর্ব শুরু হলো।

খামেনির কার্যালয়ের প্রধান মোহাম্মদ মোহাম্মাদি গোলপায়েগানি জানিয়েছেন, জীবদ্দশায় খামেনি ইচ্ছা প্রকাশ করেছিলেন যেন তাকে মাশহাদে ইমাম রেজার মাজারের কাছে দাফন করা হয়। তার সেই শেষ ইচ্ছা অনুযায়ীই মাশহাদে দাফনের সব ব্যবস্থা চূড়ান্ত করা হয়েছে।

সূত্র: আলজাজিরা