ইনার হুইল ক্লাব অব ঢাকা মেট্রোর নতুন নির্বাহী কমিটির আনুষ্ঠানিক যাত্রা

আন্তর্জাতিক নারী স্বেচ্ছাসেবী দাতব্য সংগঠন ইন্টারন্যাশনাল ইনার হুইল-এর শাখা ইনার হুইল ক্লাব অব ঢাকা মেট্রো ২০২৬-২৭ মেয়াদের নবনির্বাচিত নির্বাহী কমিটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে। এ উপলক্ষে মঙ্গলবার (৭ জুলাই) রাজধানীর নিউ এলিফ্যান্ট রোডে ক্লাবের প্রথম নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ক্লাবের নবনির্বাচিত সভাপতি উমামাহ মানাল মাহমুদ। সভায় আন্তর্জাতিক ইনার হুইলের চলতি বছরের প্রতিপাদ্য (গ্রো অ্যান্ড ফ্লারিশ) বাস্তবায়নে বিভিন্ন কর্মপরিকল্পনা ও সেবামূলক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় বক্তারা বলেন, আন্তর্জাতিক ইনার হুইলের সার্বজনীন মূলমন্ত্র ‘বন্ধুত্ব ও মানবসেবা’ এবং চলতি বছরের প্রতিপাদ্যকে ধারণ করে সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে নারী নেতৃত্ব, মানবিক মূল্যবোধ এবং সামাজিক দায়বদ্ধতা আরও সুসংহত করা হবে। একই সঙ্গে নতুন মেয়াদে ক্লাবের সকল কার্যক্রম বন্ধুত্ব, সেবা ও মানবকল্যাণের আদর্শে পরিচালনার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন ক্লাবের সহ-সভাপতি আফসানা ইসলাম সেতু, ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট (আইপিপি) কল্পনা মার্গারেট কস্টা, সেক্রেটারি দিবা চক্রবর্তী, ট্রেজারার জান্নাতুল ফেরদৌস, আইএসও ইশরাত জাহান, ক্লাব করেসপন্ডেন্ট নীলুফার ইয়াসমীন এবং নির্বাহী সদস্য বন্দনা ব্যানার্জি, নার্গিস আক্তার, শিল্পী সাহা, ফারহানা আফরোজসহ ক্লাবের অন্যান্য সদস্যরা।