মিসর-আর্জেন্টিনা ফুটবল ম্যাচকে কেন্দ্র করে সিরাজগঞ্জ পৌর শহরের মিরপুর মহল্লায় আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (৭ জুলাই) রাত ১২টার দিকে ম্যাচে আর্জেন্টিনার জয়কে কেন্দ্র করে দুইপক্ষের সমর্থকদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। রাত ২টা পর্যন্ত এ সংঘর্ষ চলে। এরপর থেমে থেমে এ সংঘর্ষ বুধবার (৮ জুলাই) রাত ১১টা পর্যন্ত চলতে থাকে।
মিরপুর এলাকার বাসিন্দা আলী আশরাফ বলেন, ম্যাচ শেষ হওয়ার পর থেকেই দুইপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলে। এতে প্রায় ১০ জন আহত হয়েছে। আহতরা বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েছেন। এ সংঘর্ষের সময় কয়েকটি দোকান ও বসতবাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটে।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা পরিস্থিতি শান্ত রাখতে কাজ করছেন।